নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্কুল প্রাঙ্গণের সরকারি গাছ কেটে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
শনিবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টার মধ্যে উপজেলার শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রি কেটে নিয়ে গেছেন উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি হুমায়ুন কবির। ঘটনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, ‘শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি আমার জানা ছিল না। পরে সন্ধ্যায় স্থানীয়রা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করি।’
অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, ‘গাছটির ডালের কারণে স্কুলে সমস্যা হচ্ছিল, তাই ডাল ছাটাই করতে গিয়ে আমি গাছটি কেটে ফেলি এবং বাড়ি নিয়ে এসেছি। যা আমার অন্যায় হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় করে থাকে, তার দায় দল নেবে না।’ এ প্রসঙ্গে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





















