ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়ির ভেতর গোপনভাবে পরিচালিত অনুমোদনবিহীন আইস ললি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও আইস ললি ভর্তি ২০ বস্তা পণ্য ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেলে হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় আবির ফুড নামের ওই কারখানায় অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বসতঘরে সালমান সরকার নামের এক ব্যক্তি বিএসটিআই এর অনুমোদন ছাড়াই গোপনভাবে বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করে আসছিলেন।
স্যাকারিন, ঘন চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল তার কারখানায়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া আইস ললি ও আচার তৈরি করার দায়ে আবির ফুট এন্ড ব্রার্দাস নামে ঐ কারখানার মালিককে জরিমানা ও ২৫ বস্তা নকল পণ্য ধ্বংস করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।





















