ময়মনসিংহে সকাল থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণ যেন থামছেই না। ফলে একদিকে যেমন এনেছে স্বস্তি, তেমনি নগরজুড়ে সৃষ্টি করেছে জলাবদ্ধতা আর দুর্ভোগ।
মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশ মেঘে ঢেকে যায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর ঝোড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি, যা বিকেল পর্যন্ত অব্যাহত আছে। এসময় নগর ও আশপাশের এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নগরীর অটোরিকশা চালক হান্নান বলেন, “এই বৃষ্টি মানুষের জন্য রহমত। সকাল থেকে চলা বৃষ্টি কিছুটা কষ্ট দিলেও শান্তি দিয়েছে মনেও। কিন্তু রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, বাসাবাড়িতেও পানি ঢুকছে। দ্রুত পানি না সরলে কষ্ট আরও বাড়বে।”
এই বৃষ্টি নগরবাসীর মনে ক্ষণিক সময়ের জন্য প্রশান্তি আনলেও, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার ফলে জলাবদ্ধতা নতুন করে দুর্ভোগ সৃষ্টি করেছে। এ অবস্থায় নাগরিক ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।






















