দেশি মাছ রক্ষায় ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ২০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে আমতৈল ইউনিয়নের বাহির শিমুল বাজার সংলগ্ন কংশ নদীতে এ অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত। পরে নদী থেকে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে উপজেলার ধারাবাজারে জালের দোকানে অভিযান চালিয়ে ১০০০ মিটার চায়না দুয়ারি জাল ও ৩০০০ মিটার কারেন্ট জাল বাজেয়াপ্ত করে উপজেলা পরিষদে এনে ধ্বংস করা হয়। এ সময় ধারাবাজারে দুইজন দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় বলেন, “বর্ষা মৌসুমে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”





















