আজ, ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, তারা বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং জানান, আসন্ন নির্বাচনের জন্য পুলিশ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাঙ্গীন প্রস্তুতি গ্রহণ করছে।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 
























