নেত্রকোনার আটপাড়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উন্নয়নচিত্র, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিরা আটপাড়া উপজেলায় মাদকের বিস্তার, জরাজীর্ণ রাস্তাঘাট, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাস্তবতা ও সম্ভাব্য হুমকি নিয়ে মতামত তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মাদক রোধে শুধু প্রশাসন নয় এলাকার সকল মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়নেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অনেকেই আছেন যারা ভোটার হলেও কখনো ভোট দিতে পারেননি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলা প্রশাসন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এর সভাপতিত্ব এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।























