আসন্ন নির্বাচনে এ.আই বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এআই ভিত্তিক ছবি ও ভিডিও বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। কোন অবস্থাতেই অপতথ্য বা আংশিক সত্য ছড়ানো যাবে না। পজেটিভ বাংলাদেশ দেশ গড়তে হলে পজেটিভ সাংবাদিকতা করতে হবে। মানুষের আস্থা ধরে রাখতে হলে বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক মানদন্ড ধরে রেখে সাংবাদিকতা করতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ২ দিনব্যাপী নির্বাচনকালিন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় মিজ ফারাহ শাম্মী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশে গনতন্ত্র আরও বেশি সুসংহত দেখতে চাই। এজন্য সবাইকে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দিতে উদ্ভুদ্ধ করতে হবে, জনগনকে হ্যাঁ ভোটের পক্ষে নিয়ে আসতে হবে। তাদের মধ্যে যেন নির্বাচন নিয়ে কোন ধরনের শঙ্কা না থাকে। কারণ এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মনে রাখতে হবে গণভোটের কারণে এবারের ভোট বেশি গুরুত্বপূর্ণ। তাই এবার বেশি সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে আনতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় ময়মনসিংহ বিভাগীয় নগরীতে কর্মরত প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। এ সময় প্রশিক্ষকবৃন্দ নির্বাচনকালীন সাংবাদিকতার নানানদিক তুলে ধরে বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার 
























