ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদফেরত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ৭ সিএনজি চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এম.কে সুপার নামে দুটি বাস এবং সাত সিএনজি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (১৪ জুন) শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল ১ নম্বর মোড় এলাকায় এই অভিযান চালানো হয়েছে। এতে সহযোগিতা করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি টিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৪৭ ও ৯০ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭ সিএনজি চালককে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আব্দুল হামিদ,শেফালি আক্তার ও তরিকুল ইসলাম নামে ৩ যাত্রী বলেন,’ঈদে কিংবা অন্যান্য সময়ে সুযোগ পেলেই ছোট-বড় সকল যানবাহন অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেয়। প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়ে তারা বলেন,এমন অভিযান অব্যাহত থাকলে যাত্রীদের ভোগান্তি কমে আসবে। এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়দের অভিযোগে ৭ সিএনজি চালককে অর্থদণ্ড করা হয়েছে। এসময় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















