ধানমন্ডি থানায় আটক তিনজনকে মুচলেকায় মুক্ত করে আনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
বুধবার (২১ মে) সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২০ মে) ধানমন্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন, সাইফুল ইসলাম রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ছিলেন। তাকে ইতোমধ্যেই নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ অবস্থায় হান্নান মাসউদের সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটককৃতদের মুচলেকায় মুক্ত করে আনা দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে।
ঘটনার সূত্রপাত হয় সোমবার (১৯ মে) রাতে, যখন তিনজন তরুণ হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেফতার চেয়ে ধানমন্ডি থানার পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক তরুণ থানার ওসির সঙ্গে উচ্চ স্বরে কথা বলছেন। পরে পুলিশের নির্দেশে তিনজনকে হেফাজতে নেওয়া হয় এবং মঙ্গলবার বিকেলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে হান্নান মাসউদের ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় এনসিপি।





















