ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে ফয়সাল আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে পৌর-শহরের বাসস্ট্যান্ড এলাকার পাশে ভালুকা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠে ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফয়সালের দাদার বাড়ি মুক্তাগাছা উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে ভালুকায় ভাড়া বাসায় বসবাস করছে। ফয়সাল পরিবারের সঙ্গে থেকে ভাঙারির ব্যবসার কাজে সহায়তা করত। ঘটনার সময় কাজ শেষ করে মাঠ এলাকা দিয়ে বাড়ির পথে রওনা হয়। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি জানতে পারছি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

স্টাফ রিপোর্টার 





















