গাজীপুরের কালিয়াকৈরে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুরুতর কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে। আহত ব্যবসায়ী দুলাল পাল কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক। ঘটনাটি ঘটেছে চাপাইর বংশাই ব্রিজের কাছে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুলাল পাল দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লুটপাট চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। থানার ওসি আব্দুল মান্নান জানান, লুট হওয়া জিনিসপত্র ও টাকা উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে সিরাজদীখানে একই দিনে একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মোল্লাকান্দি গ্রামের শিপন সরকারের বাসায় রাত ৩টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা শিপন সরকারকে বেঁধে রাখে এবং তাঁর দুই ভাই শাকিল ও শামীম সরকারকে কুপিয়ে আহত করে। লুটপাটের সময় ৪০ ভরি স্বর্ণালংকার, পাঁচ লাখ টাকার বেশি নগদ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ডাকাতরা নিয়ে যায়। গুরুতর আহত শাকিলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার 




















