ময়মনসিংহের ফুলপুর উপজেলার মালিঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়া মরিয়ম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম ধনারভিটা গ্রামের বাসিন্দা হারেজ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেলে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত মালিঝি নদীর তীরে খেলছিল মরিয়ম। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায় এবং স্রোতের পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে খোঁজার চেষ্টা চালান। দীর্ঘ সময় অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন বৃহস্পতিবার সকালে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মরিয়মের বলে শনাক্ত করেন।
ফুলপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শিশু মরিয়মের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 




















