গাজীপুরের কাশিমপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় রুবেলসহ আরও ৩ জন আহত হন।
মঙ্গলবার বিকেলে কাশিমপুরের কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, ‘কাশফুল ছেঁড়া নিয়ে তর্কাতর্কির জেরে সন্ত্রাসীরা আমাদের এলোপাথাড়ি মারধর করে। এতে আমরা হাত ও মাথায় আঘাত পেয়েছি।’
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। দোষীদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্টাফ রিপোর্টার 






















