ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রহমত আলী (৪০) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বায়রাউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমত আলী গৌরীপুর ইউনিয়নের পূর্ব কোনাপাড়া গ্রামের ওয়ালী উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রহমত আলী নিজের গ্রাম সংলগ্ন বায়রাউড়া এলাকায় অন্যের জমিতে ধান কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে দুপুর ২টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস আলম জানান, বজ্রপাতে আহত ওই কৃষককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
কৃষক রহমত আলীর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 





















