ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশের মোট ভোটার সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। গত দুই মাসের মধ্যে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান, সংশোধিত এই ভোটার তালিকাটি চূড়ান্তভাবে ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। এই চূড়ান্ত তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন কমিশন এক বছরের মধ্যে তৃতীয়বার এই ভোটার তালিকা প্রকাশ করলো। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন নারী এবং ১ হাজার ২৩১ জন হিজড়া ভোটার রয়েছেন। ভোটার হালনাগাদ প্রক্রিয়াটি কমিশনের নির্বাচনী প্রস্তুতির অংশ।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ভোট এই তালিকার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার 






















