বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন, শনিবার সারা দেশে ধর্মীয় শ্রদ্ধা ও ত্যাগের মহিমায় উদযাপিত হবে ঈদুল আজহা।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে ৭ জুন, শনিবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
চাঁদ দেখার খবর দ্রুত নিশ্চিত করতে টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রাখা হয়েছিল বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়ার পরেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. আয়াতুল ইসলাম (অতিরিক্ত দায়িত্বে), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বিটিভির মহাপরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপ-সচিব শামীম আহমেদ, স্পারসো চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিমসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইসলামি শিক্ষাবিদগণ।
উল্লেখ্য, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়ায় ২৮ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানানো হয়। এসব দেশে ৫ জুন পালিত হবে আরাফাত দিবস এবং ৬ জুন ঈদুল আজহা।






















