টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় (আজগরিয়া মাদ্রাসার সামনে) দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে পোল্ট্রি মুরগিবাহী দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা লাগায় পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে পিকআপ চালক নূরনবী(৬৪), নওগাঁ জেলার পতœীতলা উপজেলার মো. পলাশের ছেলে পিকআপের হেলপার রফিকুল(১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর(২২) এবং ভোলা সদরের বাসিন্দা ও বর্তমানে ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাসকারী মো. সেলিমের ছেলে সুজন(২৬)। এ সংঘর্ষে ট্রাকে বাঁশ লোড করার দায়িত্বে থাকা কর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম(৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে বাঁশ তোলা হচ্ছিল। এ সময় বড়চওনার দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির মুরগিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ এবং সখীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন এবং উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশভর্তি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সখীপুর থানায় রাখা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি 




















