যুক্তরাজ্যের এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তাকে চিঠি দিয়েছেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, টিউলিপ চিঠিতে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তাতে সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ দূর করার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের নগর উন্নয়ন ও ট্রেজারি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
সরকার পতনের পর টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে রূপপুর পারমাণবিক প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। এছাড়া লন্ডনের কিংস ক্রস এলাকায় উপহার হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, যদিও টিউলিপ দাবি করেছেন এটি তিনি পিতা-মাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এর উৎস সম্পর্কে অবগত ছিলেন না।
এই বিতর্কের ফলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয় এবং বর্তমানে তিনি কেবল এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. ইউনূসকে লেখা চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক আগ্রহ নেই। চিঠিতে তিনি অভিযোগ করেন, দুদক তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ না করেই তদন্তের তথ্য মিডিয়ায় প্রকাশ করছে এবং তার লন্ডনের ঠিকানায় না পাঠিয়ে ভুল ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আপনি যুক্তরাজ্য সফরে আসছেন, এ সময় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। আমার এবং শেখ হাসিনার সম্পর্ক নিয়ে যেসব ভুল তথ্য ছড়িয়েছে, তা আপনার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে পরিষ্কার করতে চাই।”
উল্লেখ্য, ড. ইউনূস আগামী ৯ জুন রাজা চার্লসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এ সফরে তার রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।






















