ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিকআপ ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নবী হোসেন ও মো. শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার রাগমারা বাজার এলাকার ঢাকাগামী লেনের সাদিয়া কমপ্লেক্সের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার ত্রিশাল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ। পুলিশ জানায়, মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত রাগমারা বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নবী হোসেন ও শামীমকে আটক করা হয়।এ সময় তাদের তল্লাশি করে এবং সাথে থাকা পিকআপ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বড় রামদা, ১টি সেলাই রেঞ্জ, তার কাটার প্লাস, তালা কাটার হ্যান্ড কাটার এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও আসামিদের হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, গ্রেফতারকৃতরা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। আসামিদের অপরাধের খতিয়ান তুলে ধরে তিনি আরও জানান, গ্রেফতারকৃত নবী হোসেনের নামে বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে এবং অপর আসামি মোঃ শামীমের নামে ১৬টি মামলা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় পেনাল কোডে একটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
ত্রিশাল প্রতিনিধি 




















