নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্যাংক লরির চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন আয়েশা আক্তার (২২) নামের এক তরুণী। বুধবার (২৯ অক্টোবর) রাতে মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আয়েশার সঙ্গে থাকা মো. খালেদ হোসেন (২৭) নামে এক যুবক আহত হন।
নিহত আয়েশা পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।
আহত খালেদ জানান, সেদিন তিনি ও আয়েশা মোটরসাইকেলযোগে সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্যাংক লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় লরিটি আয়েশাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, “একটি ট্যাংক লরি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে আরোহী তরুণী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্যাংক লরিটি জব্দ করেছে। তবে লরিচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আহত খালেদকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে বেপরোয়া গতির ভারী যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে কঠোর ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 























