ময়মনসিংহের তারাকান্দার কলেজ রোডের মিল থেকে উদ্ধার করা ২৫টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকরা চাল উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত শ্রমিকরা ট্রাক ও ট্রলি থেকে চাল আনলোড করে গোডাউনে রাখেন। এছাড়া জব্দ করা ট্রাক, ট্রলি অটো রিকশা থানায় নেয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে।
এদিকে চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানায়, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিল ও মেসার্স ফাহিম অটো রাইস মিলের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এ সময় গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ সরকারি চালের সন্ধান পায়। তবে মিলের লোকজন সটকে পড়ে।
মিলের ভিতরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চালের বস্তা বদল নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিলো। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করা চাল নিয়ে রাখা হয় উপজেলা পরিষদে।
এসময় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা, একটি ট্রলি, একটি ট্রাক, তিনটি অটোরিকশা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, গোপনসূত্রে খবর আসে, কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল রয়েছে। রাত আটটার দিকে অভিযানে গিয়ে মিলের সামনে এবটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। আটক করা হয় এক ট্রলি চালককে। ট্রলি চালকের দেয়া তথ্যে মিলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।
স্টাফ রিপোর্টার 
























