বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দল বা প্রশাসনের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নগুয়া ইটখোলার মাঠে আয়োজিত মাঝিয়াইল স্বপ্নপূরী একাদশ ফুটবল টুর্নামেন্টের সিজন-২-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধ দমনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন। দলীয় পরিচয় কিংবা প্রভাব ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে রক্ষা করা হবে না। অপরাধে জড়িত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা করা উচিত নয়।
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং ধোবাউড়ায় একটি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হালুয়াঘাট প্রতিনিধি 









