শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেটের, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা হাসপাতালের অনিয়ম বন্ধ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৯ দফা দাবি উত্থাপন করেন।
এর মধ্যে রয়েছে, রোগীর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমতি ছাড়া বাইরে রেফার না করা, হাসপাতালের বাজেট ও ওষুধপত্রের হিসাব প্রকাশ করা, জরুরি বিভাগে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার রাখা, কার্যকর ব্লাড ব্যাংক ও আধুনিক ল্যাব স্থাপন, হাসপাতালের পরিবেশ ও খাবারের মান উন্নয়ন, এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও গেটম্যান নিয়োগ।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ, রুবেল মিয়া, আলামিন ও নিরব হোসেনসহ স্থানীয় সচেতন মহল। তারা জানান, যদি দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
























