শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই মাদকের চালান আটক করে পুলিশ। পুলিশ জানায়, নিয়মিত রাত্রীকালীন টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক দিয়ে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল পুলিশের পিকআপ ভ্যান।
এসময় ঢাকা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী প্রাইভেটকার পুলিশের গাড়ি দেখে হঠাৎ থামিয়ে পাশের একটি বাড়ির সামনে ফেলে রেখে পেছনের জলাভূমি পথে দ্রুত পালিয়ে যায় গাড়ির যাত্রীরা। পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে পেছনের সিট ও বুট ডালায় রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে।
এসব বস্তা খুলে মোট ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাকডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উদ্ধারকৃত মদ ও প্রাইভেটকার থানায় জব্দ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।





















