নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের টেংগা গ্রামের প্রবাসী দুইজন রেমিট্যান্স যোদ্ধা সহোদরকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় তাদের পিতা-মাতা আহত হয়। আহত ৪ জনকে এলাকাবাসী উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্ত্তি করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৪টার দিকে। এ ঘটনায় প্রতিপক্ষের মো. শাকিল মিয়াকে প্রধান আসামী করে ৭ জনের নামে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে. সদর উপজেলার মেদনী ইউনিয়নের টেংগা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. তরিকুল ইসলাম চলতি বছরের রমজান মাসে এবং সৌদি আরব প্রবাসী ছেলে হাবিকুল রহমান ঈদুল আজহার পূর্বে পিতা-মাতার সঙ্গে ঈদ করতে বাড়িতে আসেন। টেংগা বাজারে ফিরোজ মিয়ার ক্রয়কৃত ১ শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন ধরে একই গ্রামের আব্দুল গনির সাথে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রবিবার বিকেল ৪টার দিকে ওই জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল গনি ও তার লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ মিয়ার লোকজনের ওপর অর্তকিত হামলা করে। হামলাকারীরা রেমিট্যান্স যোদ্ধা সহোদর মো. তরিকুল ইসলাম ও হাবিকুল রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। হামলায় ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরাও আহত হন। আহত ৪ জনকে এলাকাবাসী উদ্ধার করে নেত্রকোনা আধৃনিক সদর হাসপাতালে ভর্ত্তি করে। ঘটনার পরদিন আহত ফিরোজ মিয়া বাদী হয়ে হামলাকারী মো. শাকিল মিয়া, মো. আব্দুল আজিজ, আব্দুল গনি, লিটন মিয়া, মো. সিদ্দিক মিয়া, মো. মনির মিয়া ও মোছা. সোমা আক্তারকে আসামী করে মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীরা সকলেই আত্মগোপনে রয়েছেন। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























