পদ্মার চরাঞ্চলে দাপিয়ে বেড়ানো কাকন বাহিনী’র ২১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর এলাকার চরাঞ্চলে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টিমে মোট ১,২০০ সদস্য অংশ নিয়েছেন। অভিযানের ফলে কাকন বাহিনীর ২১ সদস্যকে আটক করা হয়।
ডিআইজি জানান, এই অভিযান গত ২৭ অক্টোবর কুষ্টিয়া, রাজশাহী ও নাটোরের সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনায় নিহত তিনজনের ঘটনার পর শুরু করা হয়েছে। কাকন বাহিনীসহ অভিযুক্তদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে, এবং আজ বিকেলে বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করা হবে।
স্থানীয়রা জানান, চরাঞ্চলগুলোতে কাকন বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ও অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ভীত করে রাখে। পুলিশি অভিযান তাদের কার্যক্রমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 























