পাবনার ঈশ্বরদী উপজেলায় ৮ কুকুরছানা বস্তাবদ্ধ অবস্থায় পুকুরে ডুবিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ আবাসিক এলাকার একটি পুকুর থেকে মৃত কুকুরছানাগুলো উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ লিখেছেন, “সভ্য সমাজে এমন বর্বরতা কখনও গ্রহণযোগ্য নয়। আমার পোষা কুকুরের সন্তানদের ওপর এমন নৃশংস আচরণ অগ্রহণযোগ্য। আমি বর্তমান সরকারের কাছে এই হত্যার বিচারের দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা জানিয়েছেন, মা কুকুর বারবার চিৎকার করছিল। কুকুরছানাগুলো বস্তায় ভরে পুকুরে ফেলার ঘটনা দেখে স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, “কারো নিষ্ঠুরতার কারণে ৮ নিরীহ প্রাণী মারা গেছে।” উপজেলা এলাকার বাসিন্দা রওশন আলী বলেন, “এ ধরনের কার্যক্রম কখনও মানবিকতার মধ্যে পড়ে না। যারা দায়ী, তাদের শাস্তি দেওয়া উচিত।”
ঈশ্বরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান জানান, “প্রতিদিন এ পথে চলার সময় এই দৃশ্য দেখে খুব কষ্ট পেয়েছি। প্রাণী হত্যা আইনত অপরাধ এবং প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, বস্তাবন্দি কুকুরছানাগুলোর মৃত্যু নৃশংস এবং এটি পশু কল্যাণ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন ও পুলিশ সহযোগিতায় অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসি আব্দুর নূর জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ঘটনা তদন্ত করা হবে।
স্টাফ রিপোর্টার 



















