‘হাম মূলত ভাইরাসজনিত রোগ। হাম প্রতিরোধে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি। শুধু হামের কারণেই যে শিশুরা মারা যাচ্ছে তা নয়। হাম-পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হওয়া শিশুমৃত্যুর প্রধান কারণ। সাধারণত যেসব শিশু অপুষ্টিতে ভুগছে বা যাদের শরীরে অন্য কোনো রোগ (কোমরবিডিটি–একাধিক রোগ) আছে, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। আবার হাম হওয়ার পর শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, ফলে শিশু নতুন করে অপুষ্টিতে পড়ে। এই চক্রের কারণেই জটিলতাগুলো মারাত্মক আকার ধারণ করে।
হাম হলে শিশুদের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যা মৃত্যুর কারণ হতে পারে। এর মধ্যে প্রধানতম সমস্যা হলো নিউমোনিয়া ও শ্বাসকষ্ট। এ সময় শিশুর বুকে ইনফেকশন হয়ে যাওয়া বড় একটি ঝুঁকি। ডায়রিয়া ও পানিশূন্যতাও অন্যতম কারণ। এতে শিশু দ্রুত দুর্বল হয়ে পড়ে। হামে আক্রান্ত হলে চোখের ক্ষতি হতে পারে, এমনকি বিরল ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহও হতে পারে।
অনেক ক্ষেত্রে মা-বাবারা শুরুতে জ্বর, সর্দি বা কাশিকে সাধারণ ভেবে গুরুত্ব দেন না। ‘দেখি কী হয়’ করে সময়ক্ষেপণ করেন। যখন বাচ্চার অবস্থা সিরিয়াস হয়ে যায়, তখন হাসপাতালে নিয়ে আসেন। এভাবে দেরিতে চিকিৎসা শুরু করাও মৃত্যুর একটি বড় কারণ। তাই হাম প্রতিরোধে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরী।’
আজ(১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট(ই.পি.ই) কর্মকর্তা ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুমাইয়া হোসেন লিয়া,এমওডিসি ডা. তানভীন হাসান তরঙ্গ, এম.ও.আইসিটি ডা. জয়িতা দাস,ব্রাকের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম,ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান,ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার পিন্টু, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মো. এহছানুল হক,কোষাধ্যক্ষ আরিফুল হক। কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ঈশ্বরগঞ্জ হাসপাতাল মসজিদের ইমাম তৌহিদুর রহমান রায়হান।
সভায় বক্তারা জানান,ঈশ্বরগঞ্জ উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। যা চলবে ১০ মে পর্যন্ত। এ সময়ে জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















