বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) উত্তর-পূর্ব অঞ্চল সরাইলের অধীনস্থ ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টর সদরসহ অধীনস্থ ব্যাটালিয়নগুলোর অভিযানে ৭১০ কোটি ৮১ লাখ টাকার চোরাচালানের পণ্য আটক হয়েছে। গত ১০ মাসে পরিচালিত এসব অভিযানে মোট গ্রেপ্তার হয়েছে ৫২৬ জন। এর আগে ২০২৪ সালে এই অঞ্চলের ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ৭৫৪ কোটি ১৫ লাখ টাকার চোরাপন্য আটক হয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সীমান্ত এলাকায় অভিযানের এসব তথ্য জানান এই সেক্টর কমান্ডার।
দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, পুশইন মোকাবেলায় পরিবেশ সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানান কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাস ২৫ দিনে বিজিবি সরাইল আঞ্চলিক সীমান্ত সুরক্ষায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এ সময়ের মধ্যে চোরাচালানবিরোধী অভিযানে সর্বমোট মোট ৭১০ কোটি ৮১ লাখ টাকার চোরাই পণ্যসহ মোট গ্রেপ্তার হয়েছে ৫২৬ জন। এর মধ্যে ময়মনসিংহ সেক্টর এলাকায় ৫৫ কোটি ৯৪ লাখ টাকার চোরাই পণ্য এবং ১৪ জন আসামি এবং ৪ কোটি ৬৪ লাখ টাকার মাদকসহ ১০০ জন আসামি আটক হয়েছে।
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে জালনোট পাচার রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও দেশ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে বিজিবি ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল সার্ভেইলেন্সের মাধ্যমে নজরদারি জোরদার করেছে। আগামীতেও এধরনের অভিযানে অব্যাহত থাকবে।
এছাড়াও অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে সরাইল আঞ্চলিক এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন আসামীসহ ৯ লক্ষ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু ও ৪ লক্ষ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর জব্দ করেছে। এসব অভিযান ২৭টি ট্রাক, ৭৫ ট্রলি, ৪৫ টি ট্রাক্টর, ১৮টি লরি এবং নৌকা ৪০টি জব্দ করাসহ অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 






















