ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন এর গাবরাখালী গ্রামের ব্যক্তি মালিকানাধীন জমির খাজনা গ্রহণ ও নামজারি (খারিজ) কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গাবরাখালী পার্কের রাস্তায় গাবরাখালী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার দুশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানাধীন জমির কাগজপত্র থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাজনা গ্রহণ ও নামজারি কার্যক্রম সম্পন্ন করছে না। ফলে জমির মালিকরা নানা ধরনের ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
বক্তারা বলেন, জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিল, পর্চা ও অন্যান্য নথিপত্র থাকা সত্ত্বেও খাজনা ও খারিজ প্রক্রিয়া বন্ধ থাকায় জমি ক্রয়-বিক্রয়, উত্তরাধিকার সূত্রে হস্তান্তরসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ব্যক্তি মালিকানাধীন জমির বৈধ অধিকার নিশ্চিত করতে হলে খাজনা গ্রহণ ও নামজারি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা জরুরি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য রাখেন সামাদ ডাক্তার, মো: শমর আলী,আবুল কাশেম,মোহাম্মদ আলী,আবুল হোসেন,ফিরোজা খাতুন,হাসিনা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহামেদের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

হালুয়াঘাট প্রতিনিধি 




















