বাংলাদেশ সম্প্রতি ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস উইং থেকে জারি করা একটি গেজেটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা মঙ্গলবার এনবিআর নিশ্চিত করে।
এর আগে, গত ৮ এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ২০২০ সালের ২৯ জুন এই সুবিধা চালু হয়েছিল, যার আওতায় বাংলাদেশ ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারত। বর্তমানে এই সুযোগ আর থাকছে না। তবে স্থলপথে নেপাল ও ভুটানে পণ্য পাঠানো আগের মতোই চালু থাকবে।
নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত বা প্রক্রিয়াজাত পণ্যের মধ্যে শুধু সুতা ও আলু আমদানির অনুমতি থাকবে; অন্যসব পণ্যের আমদানি বন্ধ থাকবে।
ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, তামাক, রেডিও-টিভির যন্ত্রাংশ, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিক পণ্য, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিল পণ্য, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিশ্র কাপড়।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাঁটা আমদানি করতে পারবে।





















