বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন। ১২ জুন তিনি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি বিতর্কিত নিবন্ধ পোস্ট করেন, যেখানে দাবি করা হয়—বাংলাদেশের জাতীয় পতাকায় ইসলামী অর্ধচন্দ্র সংযুক্ত করার পরিকল্পনা চলছে।
তিনি যে ইংরেজি নিবন্ধটি শেয়ার করেন, তার শিরোনাম ছিল “Bangladesh Considers Adding Islamic Crescent to Its Flag, Mirroring Pakistan and Turkey”। কিন্তু এই দাবি পুরোপুরি ভিত্তিহীন।
১৪ জুন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশের কোনো সরকারি সংস্থা, গণমাধ্যম বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনা বা পরিকল্পনার খবর প্রকাশিত হয়নি।
যে “Robert Brown” নামে ব্যক্তি এই নিবন্ধ লিখেছেন, তার বাস্তব কোনো সাংবাদিক পরিচয় পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, এটি একটি এআই-নির্ভর ভুয়া প্রোফাইল।
এই গুজবের সূত্রপাত হয়েছিল ৪ জুন, যখন @SouthAsiaIndex নামে একটি এক্স অ্যাকাউন্ট “Suggested redesign of Bangladesh’s flag” শিরোনামে একটি কাল্পনিক পতাকার ছবি প্রকাশ করে। সেই ছবিতে জাতীয় পতাকায় অর্ধচন্দ্র যুক্ত করে একটি ধর্মীয় রূপ দেওয়ার প্রচেষ্টা দেখা যায়।
এরপর @Defence_Index নামে আরেকটি এক্স অ্যাকাউন্ট একই ছবি ব্যবহার করে দাবি করে যে, বাংলাদেশ সরকার পতাকা পরিবর্তনের চিন্তা করছে।
৬ জুন Medium ব্লগে “Robert Brown” নামে একটি নতুন প্রোফাইল থেকে একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়, যেখানে একই ভুয়া ছবি ও তথ্য ব্যবহার করে বলা হয়—বাংলাদেশে পতাকা পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। কিন্তু এতে কোনো বিশ্বাসযোগ্য সূত্র বা প্রমাণ ছিল না।
Robert Brown নামের এই প্রোফাইলটি তৈরি হয়েছে মাত্র এক মাস আগে, ২০২৫ সালের মে মাসে। তার প্রোফাইল ছবি পরীক্ষা করে দেখা গেছে সেটি এআই-নির্মিত। একই সঙ্গে দেখা গেছে তিনি মাত্র ২৪ দিনে ৫০টির বেশি নিবন্ধ প্রকাশ করেছেন—যা একজন বাস্তব লেখকের পক্ষে অস্বাভাবিক।
এই ভুয়া তথ্য যাচাই না করেই সজীব ওয়াজেদ জয় তা শেয়ার করেছেন, যা জাতীয় পতাকা ও দেশের পরিচয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






















