নেত্রকোনার মদন উপজেলার ধোবাওয়ালা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ধোবাওয়ালা বাজারের ‘রিশাদ অ্যান্ড বিহান স্টোর’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নেত্রকোনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার।
অভিযান সূত্রে জানা গেছে, ওই মনোহারি দোকানের দুটি ড্রাম এবং একটি খোলা ড্রামে প্রায় ৪২০ লিটার ডিজেল মজুত করা ছিল। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক ইলিয়াছ আহম্মেদ লাইসেন্স ছাড়াই দীর্ঘ দিন ধরে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন এবং তা সাধারণ ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ ছিল। হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলীন নাহার জানান, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে যথাযথ লাইসেন্স সংগ্রহ, কৃষি কার্ড নিশ্চিত করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”





















