” নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি,ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা করেছে।
৬ জুন শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচিতে সারা দেশের ন্যায় ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এ কর্মসূচি করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল প্রমুখ। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্সসহ বিভিন্ন পর্যায়ের লোকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসা বাড়ির আঙিনা ও অফিস আদালতের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উপর জোড় দেন।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। ১২ জন ভর্তি ছিল চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে। এখনও ১ জন ডেঙ্গু রোগী তাদের হাসপাতালে ভর্তি আছে বলে তিনি জানান।
তিনি বলেন, মশক নিধন কার্যক্রম নিয়মিতকরণ ও বাসা বাড়ি অফিস আদালতসহ বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গু প্রতিরোধ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 



















