ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বলেছেন, দল যে প্রার্থী দিয়েছে তা এ অঞ্চলের জনগন পছন্দ করে নাই। পছন্দ না হইলে মানুষ কিন্তু বিয়াও করায় না। বিএনপিতে নেতার আকাল নেই, নেতৃত্বের অভাব নেই।
ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ডেফুলিয়া বাজার এলাকায় স্থানীয় কৃষক দল কর্তৃক আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই সভায় ফুলপুর-তারাকান্দা আসনের সাবেক এমপি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বলেন, বিগত ১৭টি বছর আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারি নাই। রাতের আঁধারে খেয়ে না খেয়ে মানুষের জঙ্গলে যারা কাটিয়েছে আজকে তাদের বাদ দিয়ে কিছু পয়সার বিনিময়ে যারা আওয়ামী লীগকে বিএনপি বানাতে চাচ্ছে তাদের ধিক্কার দেই। আওয়ামী লীগের ভোটে বিএনপি নির্বাচিত হবে না। আওয়ামী লীগের লোক ভারতে পালায়া গেছে, যারা বাংলাদেশে আছে তারা কিন্তু আওয়ামী লীগ করে না। যারা ভোট দেয় তারা কিন্তু আওয়ামী লীগ করে না। আপনারা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই, ভোট কেন্দ্রে যেতে হয়নাই। ভোটকেন্দ্রে গেছে কুকুর-বিড়াল, গরু-ছাগল। দিনে ভোট না করে হাসিনা রাতে ভোট করে ফেলেছে। সকালে কেন্দ্রে যাওয়ার দরকার নাই। শুধু তারা হুঁইসেল বাজিয়েছে বেলাটা কখন যাবে। এই ছিলো আওয়ামী লীগ। আজকে যারা ভোট দিতে পারে নাই তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যাদের বয়স ২৭ বছর তারা কিন্তু একবারও ভোট দিতে পারি না। এ জনপদের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। প্রতীকের পাশাপাশি ব্যক্তিও ফ্যাক্টর। তাই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এইবারের আন্দোলনে ছিলো কোকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন। গত ১৭টি বছর আমাদের কোনো সন্তানের চাকরি হয়নাই। এখনও যদি সেই বৈষম্য থাকে তাহলে আর রক্ষা নাই। ১২ বার নির্বাচন হইছে ফুলপুরের মানুষ বারবার বৈষম্যের শিকার হইছে। এই অঞ্চলের মানুষ ফুলপুরের বাইরে ভোট দিবে না।
৬ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ্ আল ইল্লাল, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন।




















