ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রঘুনাথপুর রৌহাসচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুুর সোয়া একটার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহাসচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার তিনি নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় অন্যান্যরা নিরাপদ স্থানে চলে গেলেও তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নেন। সেখানে তিনি বজ্রাঘাতে পাশের পুকুরে পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সায়েম তানভীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।





















