বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশযাত্রা নিশ্চিত করার অংশ হিসেবে তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী আন্তর্জাতিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর জুবাইদা রহমান সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার কথা রয়েছে। তিনি জানান, দল ও পরিবারের পক্ষ থেকে জুবাইদার এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রতিটি ধাপই এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রায় ১৭ বছর পর গত মে মাসে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে এলেও, এবার তার আগমনকে আরও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে—কারণ তিনি অসুস্থ শাশুড়ির সার্বিক চিকিৎসা প্রক্রিয়া তদারকি করবেন এবং লন্ডনে যাত্রায় সঙ্গে থাকার প্রস্তুতিও নিচ্ছেন।
এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসতে পারেনি। কারিগরি কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ উড়োজাহাজটি শনিবার পৌঁছাতে পারে। তবে খালেদা জিয়া যাত্রা করতে পারবেন কিনা, তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক সক্ষমতা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
মির্জা ফখরুল বলেন, “ম্যাডাম যদি ভ্রমণের উপযোগী থাকেন এবং চিকিৎসকরা অনুমতি দেন, তাহলে ৭ তারিখেই তার বিদেশ যাত্রা সম্পন্ন হতে পারে।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বিদেশে চিকিৎসা নেওয়া ঘিরে দল ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও প্রত্যাশা বাড়ছে। অন্যদিকে বিশেষায়িত বিমান বিলম্ব হওয়ায় পুরো প্রক্রিয়াটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
স্টাফ রিপোর্টার 























