সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রহ্মগাছা হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল করিম (৬০)। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ে দায়িত্ব পালনকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিদ্যালয়ের সহকর্মীরা জানান, বৃহস্পতিবারই ছিল তার চাকরির শেষ দিন। নিয়মমাফিক সকাল থেকেই তিনি স্বাভাবিকভাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। বিকাল সাড়ে ৩টার দিকে ওয়াশরুমে প্রবেশের পর আর বের হচ্ছিলেন না। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ফজলুল করিমের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য সহকর্মী ও প্রিয়জন রেখে গেছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “ফজলুল করিম ছিলেন অত্যন্ত সৎ, শান্ত ও কর্মনিষ্ঠ শিক্ষক। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “ফজলুল করিম ছিলেন একনিষ্ঠ ও দায়িত্বশীল শিক্ষক। চাকরি জীবনের শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। শিক্ষা পরিবার আজ একজন আদর্শ মানুষকে হারিয়েছে।”
তার মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকাহত। শুক্রবার সকালে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
ফজলুল করিমের সহকর্মী শিক্ষকরা বলেন, “তিনি সবসময় হাসিমুখে কাজ করতেন, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে কখনও ছাড় দিতেন না। আজ তার শেষ কর্মদিবসেই এমন চলে যাওয়া ভাগ্যের এক নির্মম পরিহাস।”
স্টাফ রিপোর্টার 























