এবারের ঈদুল আজহায় সারাদেশে প্রায় ৯১ লাখেরও বেশি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে এবং সবচেয়ে কম সিলেট বিভাগে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি এবং ছাগল ও ভেড়ার সংখ্যা ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। অন্যান্য পশুর সংখ্যা ছিল ৯৬০টি।
এই হিসাব স্তরায়িত দৈব নমুনায়ন পদ্ধতিতে করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলার তিনটি ভিন্ন আকারের (ছোট, মাঝারি, বড়) গ্রাম থেকে তথ্য সংগ্রহ করা হয়।
অধিদপ্তরের তথ্যমতে, এবার প্রায় ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি পশু অবিক্রীত থেকে গেছে। উৎপাদন বেশি হওয়ায় এই সংখ্যা স্বাভাবিক বলে জানিয়েছে সংস্থাটি। এসব পশু আগামী দিনে বিভিন্ন ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হবে।
বিভাগভিত্তিক কোরবানির সংখ্যায় দেখা যায়, রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি—২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে। এরপর রয়েছে ঢাকা বিভাগ, যেখানে কোরবানি হয়েছে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি পশু। চট্টগ্রামে কোরবানির সংখ্যা ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি, রংপুরে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি, খুলনায় ৮ লাখ ৪ হাজার ২২৪টি এবং বরিশালে ৪ লাখ ৭৮৩টি পশু কোরবানি হয়েছে।
সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে—৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। দ্বিতীয় সর্বনিম্ন কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে—৩ লাখ ৮৩ হাজার ১৬২টি।
এছাড়াও কোরবানির পশুর চাহিদা, মাংসের মূল্য এবং চামড়ার লেনদেন নিয়ে বিভিন্ন আলোচনাও চলমান রয়েছে।






















