ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সিডস প্রকল্পের আওতায় স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও) উপকারভোগীদেরকে বাণিজ্যিক উৎপাদনে আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলার জুগলী, ভূবনকুড়া, গাজিরভিটা ও কৈচাপুর ইউনিয়নে এই পণ্য প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী মেলায় সিবিও সদস্যরা তাদের নিজেদের উৎপাদিত বিষমুক্ত কৃষি পণ্য ও বিভিন্ন প্রাণিজ পণ্য প্রদর্শন করেন। প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল, বিভিন্ন শাকসবজি, কুটির শিল্পজাত পণ্য, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, গরু, পাখিসহ নানা ধরনের পণ্যসামগ্রী। এসব পণ্য স্থানীয়দের কাছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে ওঠে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। মেলা ঘুরে স্থানীয় ক্রেতারা বিভিন্ন পণ্য ক্রয় করেন, যা মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এ মেলায় সিবিও সদস্যরা প্রায় ২৯ হাজার টাকার পণ্য বিক্রয় করেন।
পণ্য প্রদর্শনী মেলা পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক, ফারুক আহসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা খসরু মিয়া প্রমুখ। পরিদর্শন শেষে তারা প্রদর্শিত পণ্যের মানের প্রশংসা করেন এবং সদস্যদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করেন। পাশাপাশি উৎপাদন, প্রসেসিং ও বিপণন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ, সিবিও নেতৃবৃন্দ, প্রোগ্রাম অফিসার (ইআই) মনিরুজ্জামান মনির, উপজেলা সমন্বয়কারী তানিয়া রংমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক মি. কর্নেলিউস দালবৎ বলেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের পণ্য প্রদর্শনী মেলার উদ্দেশ্য ছিল, সিবিও সদস্যরা কৃষি-প্রাণী পণ্য ও কুটির শিল্প তৈরীসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে আরো আগ্রহী হয়ে উঠে। বিশেষ করে বাণিজ্যিকভাবে সবজি চাষ ও অন্যান্য উৎপাদন কার্যক্রম বিস্তৃত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং আয়বৃদ্ধির মাধ্যমে সদস্যদের টেকসই উন্নয়নে সহায়তা করা এই প্রকল্পের মূল লক্ষ্য।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 



















