ঈদুল আজহাকে ঘিরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ঈদের ১০ দিনের ছুটিকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদযাত্রায় চাঁদাবাজি রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং যেই চাঁদাবাজি করুক, তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে।
ফিটনেসবিহীন যানবাহনের চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, গত ঈদের অভিজ্ঞতার আলোকে এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা যেন না হয়, তা নিশ্চিত করতে একটি তদারকি কমিটি গঠন করা হচ্ছে, যাতে পরিবহন মালিকরাও একমত হয়েছেন। যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঠেকাতে বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তোলা হবে বলেও জানান তিনি।






















