ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, আজকের শিশু-কিশোর ক্রীড়াবিদরাই আগামীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে। এদেরকে সর্বাত্মক অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। সমাজ থেকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে এই সব শিশু-কিশোরদের আরও বেশি করে খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে।
তিনি রবিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আউয়াল ফরাজী, আব্দুল মতিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের ত্রিশাল উপজেলা হবে ক্রীড়ানগরী। ইতিমধ্যে এখানে এশিয়ার বৃহত্তম অলিম্পিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। তাছাড়া এই উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা আমার রয়েছে। আপনারা শুধু এই শিশু-কিশোরদের মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবেন। এদের মধ্যে যারা ভালো করবে, আমি তাদের ঢাকায় নিয়ে জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়ার চেষ্টা করব।
এ সময় প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল বীররামপুর উজানপাড়া ও রানার্সআপ কাঁঠাল বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ট্রফি তুলে দেন।
ত্রিশাল প্রতিনিধি 



















