আসন্ন ঈদুল আজহা সামনে রেখে আজ (২১ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুন ঈদ উদযাপনের সম্ভাব্য দিন ধরে এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ঈদের আগে প্রথমদিনের (৩১ মে) ট্রেনযাত্রার টিকিট।
এবার সম্পূর্ণ অনলাইনেই বিক্রি হচ্ছে টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাবে।
রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যগামী আন্তঃনগর ট্রেনের জন্য নির্ধারিত আসনের সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।
রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী—
২১ মে বিক্রি হচ্ছে ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুনের
২৩ মে: ২ জুনের
২৪ মে: ৩ জুনের
২৫ মে: ৪ জুনের
২৬ মে: ৫ জুনের
২৭ মে: ৬ জুনের টিকিট
ঈদের আগের সাত দিনের এই টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে এবং তা ফেরতযোগ্য নয়। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।





















