নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা ঝাড়ু মিছিল ও পুত্তলিকা দাহ করেছেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা সদরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা আটপাড়া উপজেলা মাঠে একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, প্রকৃত নির্যাতিত নেতাদের কমিটিতে রাখা হয়নি। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি ঘোষণা করেছেন। যেসব নেতাকর্মী আসন্ন ৩০ আগস্ট জেলা বিএনপির সম্মেলনে হিলালীকে ভোট দেবেন, কেবল তাদেরই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মিছিল শেষে তারা পুত্তলিকা দাহ করে ঘোষিত কমিটির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আন্দোলনকারীরা অতি দ্রুত ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালির স্বাক্ষরিত আটপাড়া উপজেলার ১০১ জন নেতাকর্মীর নাম প্রকাশ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, সাবেক সহ সভাপতি মোতাহার হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি লুতফুর রহমান, সাবেক যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা লুনেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি হায়দার শামীম ও মহসিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল, সাবেক জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন তালুকদারসহ সাতটি ইউনিয়নের পদবঞ্চিত নেতাকর্মীরা।

























