বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতান্ত্রিক নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক–এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের হাজী কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও পৌর কাউন্সিলরদের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোতাহার হোসেন তালুকদার বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার সরকারপ্রধান এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে বেগম খালেদা জিয়া জনঅধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিহাস গড়েছেন। গণতন্ত্র রক্ষার প্রশ্নে তিনি কখনো আপস করেননি। কারাবরণ, অসুস্থতা কিংবা নির্যাতন–কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া না থাকলে এ দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান জাতির জন্য ছিল অনুপ্রেরণার বাতিঘর। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবেন।
শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে মোতাহার হোসেন তালুকদার বলেন, আজ আমরা শোকাহত হলেও ভেঙে পড়ার সময় নয়। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মো. আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 






















