নেত্রকোনার একটি সময়ের অবহেলিত উপজেলা আটপাড়া। এখানে বিনোদনের তেমন কোনো সুব্যবস্থা না থাকলেও, সম্প্রতি সেই চিত্র বদলে দিতে শুরু করেছে একটি নতুন উদ্যোগ।
উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে, আটপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণাধীন ‘আটপাড়া উপজেলা শিশু পার্ক’ এখন এলাকাবাসীর আশার প্রতীক।
পার্কটির নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তবে তার আগেই যেন প্রাণ ফিরে পেয়েছে স্থানটি। প্রতিদিন বিকেল হতেই শিশুরা দলবেঁধে ছুটে আসছে পার্কের দিকেই। কোলাহলে মুখর হয়ে উঠছে এলাকা, আর অভিভাবকদের চোখেমুখেও ফুটে উঠছে সন্তুষ্টির ছায়া।
শিশুদের চাহিদা মাথায় রেখে আধুনিক দৃষ্টিনন্দন নকশায় নির্মিত হচ্ছে এই পার্ক। থাকছে দোলনা, স্লাইড, হাঁটার পথ, সবুজ বেষ্টনী, নিরাপদ খেলার জায়গা— সব মিলিয়ে এক আধুনিক বিনোদনকেন্দ্র।
স্থানীয়রা বলছেন, “এই পার্কটা শুধু শিশুদের জন্য না, পুরো উপজেলাবাসীর প্রাণের জায়গা হয়ে উঠবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের আগেই পার্ক ঘিরে যে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা যেন জানান দিচ্ছে— ছোট একটি উদ্যোগ কিভাবে একটি অঞ্চলের মনোজগতে বড় পরিবর্তন আনতে পারে।
এ ব্যাপারে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা বলেন, আমাদের পার্কের কাজ খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। এই পার্কটি শিশুদের মানসিক স্বাস্থ্য, মেধা বিকাশ এবং বিনোদনের জন্য অন্যতম ভূমিকা রাখবে।





















