বসবাসের বৈধ অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। সোমবার রাতে ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর বসবাসের অনুমতি না থাকায় আরও ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে দুজন লিবিয়া থেকে ভিসাবিহীনভাবে ইতালিতে প্রবেশ করেছিলেন। অবৈধ অভিবাসন প্রতিরোধে প্রতিশ্রুতিমূলক সহযোগিতার অংশ হিসেবে ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত মোট ১২০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দালালদের মাধ্যমে ভুয়া ভিসা বা অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা সম্পূর্ণ অপরাধ। বৈধ কাগজপত্র ছাড়া ইতালিতে ঢুকলে তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গত সেপ্টেম্বরেও ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। মানবাধিকার নীতিমালা ও ইউরোপীয় আইনের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। ইউরোপের সীমান্ত রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্স (FRONTEX)-এর সহযোগিতায় ওই দলটি দেশে ফেরে।
ঢাকার ইতালি দূতাবাস জানায়, যেসব বাংলাদেশি লিবিয়া বা অন্য দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে আসছেন কিংবা জাল কাগজপত্র ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফেরত পাঠানো নাগরিকদের কমপক্ষে তিন বছর ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়, অবৈধ পথে ইতালি যাওয়ার যে কোনো প্রচেষ্টা নিজের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ।
স্টাফ রিপোর্টার 






















