প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইমরান ইকবালের মালিকানাধীন প্রায় ৩৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
আদালতের নির্দেশে ইমরান ইকবালের ১০টি প্রতিষ্ঠানে থাকা মোট ৩২ লাখ ২৪ হাজার ৫০০টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ইমরান ইকবাল প্রিমিয়ার ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ছেলে। দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে জানানো হয়, ইমরান ইকবাল বিভিন্ন সময়ে প্রায় ৪৫ কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। আয়কর নথিতে তিনি ২০০৭-০৮ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মোট ৪৬ কোটি ৯৭ লাখ টাকার আয় এবং প্রায় ৬ কোটি ২৭ লাখ টাকার ব্যয়ের তথ্য উল্লেখ করেন। পারিবারিক ব্যয় বাদ দেওয়ার পর তাঁর নিট সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪০ কোটি ৭০ লাখ টাকা।
তবে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, তাঁর ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৫ কোটি ৩ লাখ টাকার সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য আলাদা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক আদালতে জানায়, তদন্ত চলাকালে আসামি যেন তাঁর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করা জরুরি ছিল। কারণ তদন্তে এখনো তাঁর সব সম্পদ পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। তাই প্রাথমিকভাবে তাঁর নামে থাকা অস্থাবর সম্পদ হিসেবে চিহ্নিত শেয়ারগুলো জব্দ রাখার আবেদন করা হয়।
এর আগে গত ২৫ নভেম্বর দুর্নীতির অভিযোগে ইমরান ইকবাল, তাঁর বাবা এইচ বি এম ইকবালসহ মোট ২০ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আদালত।
স্টাফ রিপোর্টার 






















