ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ২১ মে মামলার আদেশের জন্য ২২ মে দিন নির্ধারণ করেন আদালত।
১৪ মে একটি রিট আবেদনের মাধ্যমে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশনাও আবেদনকারীর পক্ষে দাবি করা হয়।
আদালতের এ আদেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়। মাজার গেট ও বার কাউন্সিল গেটসহ বিভিন্ন প্রবেশদ্বারে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।





















