দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো থামছে না। মাত্র একদিনে আরও ৪ জনের মৃত্যু ও ১,০৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রামে ১২০ জন, ঢাকার বাইরের এলাকায় ২০৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন এবং দক্ষিণ সিটিতে ১৪০ জন। খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৪৯ জন করে, রাজশাহীতে ৪৫ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময় সারাদেশে ৯৯০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৬৪ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৪৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম হলেও সংক্রমণের গতি এখনো উদ্বেগজনক।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৪ সালে সারা বছর মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল আরও ভয়াবহ— ১,৭০৫ জন, যা দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনো ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে মশার ঘনত্ব বেড়ে গেছে। তাই নিয়মিত লাভা ধ্বংস অভিযান, পানি জমে থাকা স্থানে পরিচ্ছন্নতা, এবং জনসচেতনতা বৃদ্ধি না ঘটলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
স্টাফ রিপোর্টার 






















